নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে ও তদন্ত করে শনাক্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ১০ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে অনেক তফাত রয়েছে। পুলিশ প্রমাণ করেছে তারা জনগণের বন্ধু।
শনিবার কুমিল্লার বুড়িচং থানার সামনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন ও বুড়িচং থানার নতুন ভবন উদ্বোধন করেন।
নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সময় হেলমেটধারীদের বেধড়ক মারধরের শিকার হন কয়েকজন সাংবাদিক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় ব্যারাকে পুলিশের থাকার কোনো সুব্যবস্থা ছিল না। পুলিশ সদস্যরা স্ত্রী সন্তানদের নিয়ে কষ্টের জীবন কাটিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সদস্যদের জন্য থাকার ব্যবস্থা করেছেন। ১০ বছর আগের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে বহু তফাত রয়েছে। পুলিশ এখন প্রমাণ করেছে তাঁরা জনগণের বন্ধু।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেউই ট্রাফিক আইন মানতে চায় না। সড়ক দুর্ঘটনা রোধে চালকের যেমন দক্ষতা প্রয়োজন, তেমনি জনগণেরও সচেতন হওয়া দরকার। সবাই সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
জেড





