যশোরের বাঘারপাড়া উপজেলায় আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ নেতাকর্মীদের নামে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি প্রকৌশলী টিএস আইয়ুব ও উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমানের মুক্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম টিপু এবং ছাত্রদল সভাপতি মো. নাজমুল আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে যুব ও ছাত্রনেতারা হরতাল পালনে সর্বস্তরের জনতার প্রতি আহবান জানিয়েছেন। হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে এলাকায় হরতালের পক্ষে ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে।

যোগাযোগ করা হলে যুবদল সাধারণ সম্পাদক মাসুদ আলম টিপু হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেন।

কেএইচ