নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক প্রবাসী খুনের তিনদিন পর কবরস্থানের পাশ থেকে পুতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে পুলিশ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের নুর আনিয়া মিয়াজী বাড়ির কবরস্থানের পাশ থেকে লাশ উদ্ধার করেছে। খুনের সঙ্গে জড়িত ছেলে আব্দুল হান্নান (২৪) ও স্ত্রী রেহানা আক্তারকে (৫০) আটক করেছে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ওসি গোলাম ফারুক বলেন, স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে আবদুজ জাহের নামের প্রবাসীর খুনের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে প্রেমিকের সহায়তায় স্ত্রী-পুত্র মিলে তাকে পিটিয়ে হত্যা করে এবং লাশ কবরস্থানের পাশে পুতে ফেলে।

তিনি বলেন, আমরা রোববার রাত ১টার দিকে লাশ উদ্ধার করেছি, এবং এ ঘটনায় জড়িত নিহতের স্ত্রী ও পুত্রকে গ্রেফতার করেছি। তারা খুনের বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুজ জাহের সৌদি আরবে থাকতেন। ১০-১২দিন হয়েছে যে বাড়িতে এসেছে। এলাকার লোকজন তার কাছে স্ত্রীর পরকীয়া প্রেমের বিষয়ে অভিযোগ করেন।

স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকের সহায়তায় স্ত্রী-পুত্র মিলে আব্দুজ জাহেরকে হত্যা করে। মায়ের পরকীয়া প্রেমে পুত্রের সমর্থন ছিল বলে জানা যায়।

ওএফ