চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে' অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে  খুনের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে অর্ধশতাধিক গাড়ি ও দোকানপাট ভাঙচুর করেছে তার ভক্ত-অনুসারীরা।

বুধবার রাতে বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙচুর শুরু করে ফারুকীর প্রায় ৬ শতাধিক অনুসারী ও ভক্তরা।

এ সময় তারা সড়কের বিভিন্ন অংশে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

তারা শহরের মুরাদপুর, দেওয়ানহাট, একে খান, ২নং গেট এসব স্থানে ভাঙচুর চালায় ও আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেয়।

এদিকে, খুনের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনেও বিক্ষোভ মিছিল করেছে ফারুকীর আরও কয়েক'শ অনুসারী।

মহাসড়কে অবস্থান নেওয়ার ফলে চট্টগ্রাম থেকে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ  বিষয়টি নিশ্চিত বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর