ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ নিজ বাসায় ডেকে নিয়ে সদর উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামানকে পিটিয়েছেন। এডিপির ৪টি প্রকল্প বাস্তবায়ন না হওয়ার রিপোর্ট করায় এ হামলা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে তারাকান্দা উপজেলার অতিরিক্ত প্রকৌশলী অফিস করছেন না।

লাঞ্ছিত প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, তারাকান্দায় নির্ধারিত সময়ের মধ্যে এডিপির ৪টি প্রকল্প বাস্তবায়ন হয়নি। তিনি সরজমিনে পরিদর্শন করে প্রকল্পগুলোর অস্তিত্ব খুঁজে না পেয়ে উপজেলা চেয়ারম্যানকে রিপোর্ট করেন। পরে উপজেলা চেয়ারম্যান নতুন করে প্রকল্প দিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেন।

এ খবর সংসদ সদস্য শরীফ আহমেদের কাছে পৌছলে তিনি ক্ষিপ্ত হন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে শরীফ আহমেদ ময়মনসিংহ শহরস্থ পন্ডিতপাড়া বাসায় তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ডেকে নিয়ে যান। এসময় ৪টি প্রকল্প বাস্তবায়ন হয়নি বলে কেন রিপোর্ট দেয়া হলো এই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে প্রকৌশলী ওয়াহিদুজ্জামানকে বেধড়ক মারধর করেন এমপি শরীফ আহমেদ।

লাঞ্ছিত হওয়ার পরে বিষয়টি ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে বিস্তারিত জানান।

৩ দিন লজ্জা এবং ভয়ে চুপ থাকার পর সোমবার তিনি সদর উপজেলা অফিস কক্ষে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বিস্তারিত ঘটনার বিবরণ দেন। সরকারদলীয় এমপি হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পাচ্ছেন না। তিনি এখন আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন।

এব্যাপারে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন উপজেলা প্রকৌশলী লাঞ্চিত হওয়ার সত্যতা স্বীকার করেন। সেল ফোন যোগাযোগের চেষ্টা করেও সংসদ সদস্য শরীফ আহমেদেকে পাওয়া যায়নি।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ