পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০৩ পিস ইয়াবাসহ শরিফ ব্যাপারী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যরা।

রোববার রাত ১০টার দিকে শরিফকে আটক করা হয়। আটক শরীফ ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজার গ্রামের জয়নুদ্দীন ব্যাপারীর ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সোহান বিন আকিদ জানান, ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে এক যুবক উপজেলার নওদাপাড়া যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে শরিফকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৪১ গ্রাম এবং আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতকে ঈশ্বরদী থানার মাধ্যমে সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান র‌্যাব কমান্ডার।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই