দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে রোববার ভোররাতে ট্রলার ডুবির ঘটনায় ছয় জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুস্কুল জালিয়াপাড়া রাখাইন ঘাট থেকে ফিশিং ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া ছয় জেলে হলেন-আবুল হোসেন (৩৫),কবির হোসেন (৩৫),নুরুল কবির (২৮),তারেক আহমদ (২৮),রহমত উল্লাহ (২৬) ও জাফর আলম (২৬)।
তবে এখনও নিখোঁজ রয়েছে নিহত জাফর আলমের ভাই আহমদ কবির।
জানা গেছে, রোববার ভোররাতে শহরের নাজিরার টেক মোহনায় খুরুস্কুলের কাওয়ারপাড়ার বাসিন্দা আবু তাহেরের মালিকানাধীন 'এফবি মায়ের দোয়া' নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটি থেকে সাত মাঝি সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন বাকি সাত জেলে। পরে রোববার সন্ধ্যা ৭টার দিকে ফিশিং ট্রলারটি খুরুস্কুল জালিয়াপাড়া রাখাইন ঘাটে ভেসে উঠে। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ছয়জনের লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিমও বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১৬ আগস্ট প্রায় ছয়টি ফিশিং ট্রলার নিখোঁজ হয়। এরমধ্যে দুটি ফিশিং ট্রলার উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে চারটি ফিশিং ট্রলার।
এমবি





