প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে নির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেছেন।

আজ (২২ নভেম্বর) রোববার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এর আগে ভিডিও কনফারেন্সে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, পুলিশ সুপার খান মহম্মদ রেজওয়ানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মধুমতি নদীর ওপর নির্মিত ওই সেতুটির দৈর্ঘ্য ৬০০ দশমিক ৭০ মিটার এবং প্রস্থ ৯ দশমিক ৮০ মিটার। সেতুটিতে ১৫০টি পাইল, ১৪টি পিয়ার, দুইটি অ্যাবাটমেন্ট ও ১৫টি স্প্যান রয়েছে। যার নির্মাণ ব্যয় ৬৩ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকা।

এমবি