বেনাপোল পৌরসভার কাগজপুকুর ওয়ার্ড যুবলীগ নেতা আনারকে (৩২) হাতুড়ি পেটা করে গুরুতর জখম করেছে নিজ দলের প্রতিদ্বন্দ্বিরা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার বেলা ১২ টার দিকে দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটে।
আনার ওই গ্রামের আজিত আলীর ছেলে এবং কাগজপুকুর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
কাগজপুকুর ওয়ার্ড আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লা জানান, আহত আনার দুপুরে ফসলের খেত দেখতে বাড়ির পাশের একটি মাঠে যায়। এসময় কাগজপুকুর ওয়ার্ড আ.লীগের চিহ্নিত ‘সন্ত্রাসী’ জুলফিকার আলী জুলুর নেতৃত্বে তার আপন ভাই হবি, তবি এবং ভাইপো মফিজুর, হাফিজুর ও অপুসহ ৮ থেকে ১০জন তাকে ধরে হাতুড়ি পেটা করে গুরুতর জখম করে। পরে তার পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আনার মেয়র পক্ষের সমর্থক হওয়ায় তাকে আক্রমণ করা হয়েছে বলেও জানান তিনি ।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক সাহাবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জেআই





