মেহেরপুর সদরের আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রোববার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১২-১৪ জনের একদল ডাকাত মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের চালতলাপাড়ার মৃত সুরাত আলীর ছেলে সৌদি প্রবাসী মিন্টুর বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে। ওই সময় মিন্টুর স্ত্রী তাহেরা খাতুন এক ডাকাতকে জাপটে ধরে চিৎকার দেয়। এতে গ্রামবাসী ছুটে এসে ডাকাতদলকে ঘিরে ফেলে। বেগতিক দেখে ডাকাতদল একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময ডাকাত পালাবার জন্য ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে প্রবাসীর স্ত্রী তাহেরা খাতুন (৩২), তার ছেলে হারিজ (১৫), প্রতিবেশী বদর শেখের ছেলে লাড্ডু শেখ (৪০) ও মৃত ইদুর ছেলে মন্টু (৩৫) রক্তাক্ত জখম হয়। প্রতিবেশিরা ডাকাতকে আটক করে ও আহত চার জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
উত্তেজিত জনতা আটক ডাকাতকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত ইজারুলের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ডাকাতদলের ব্যবহৃত একটি এলজি (শর্ট গান), একটি চায়নিজ কুড়াল ও দুটি মোবাইল উদ্ধার করে।
এআই





