লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে শিমুল প্রধান (২৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, সাতজনের একদল গরু ব্যবসায়ী পাটগ্রাম উপজেলার শমসের নগর সীমান্তের ৮৬১ মেইন পিলারের ৭/৮ সাব পিলারের নিকট দিয়ে গরু আনতে যায়।
এ সময় ভারতীয় বিএসএফের ৩৫ ফালাকাটা চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।
এতে অন্যরা পালিয়ে আসলেও বিএসএফে’র ছোড়া তিন রাউন্ড গুলি শিমুলের বুকে ও পেটেলাগে। এ সময় আহত অবস্থায় সে দৌড়ে বাংলাদেশের ২০০ গজ ভেতরে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সঙ্গীরা তাকে পাটগ্রাম হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
নিহত শিমুল প্রধান পাটগ্রাম উপজেলার ধবলসুতি গ্রামের খানপাড়া এলাকার মৃত মফিজার রহমান প্রধানের ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “নিহত শিমুল প্রধান বিএসএফের গুলিতে নিহত হয়েছে।”
এ ব্যাপারে প্রতিবাদপত্র পাঠানো ও পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।
ঢাকা, ১৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এমএ//এনএস





