চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ বোঝাই ২টি মিনিট্রাক ও একটি চাঁদের গাড়ি আটক করেছে বন বিভাগ।
বুধবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটের বাজার এবং হাটহাজারী উপজেলার নাজিরহাট সড়কের সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ কাঠ আটক করে বন বিভাগের কর্মীরা।
অভিযানে অংশ নেয়া ফরেস্টার মহসীন তালুকদার জানান, ফটিকছড়ি থেকে অবৈধ কাঠ পাচার হওয়ার গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের বনকর্মকর্তা-কর্মচারীরা গভীর রাতে ফটিকছড়ি নারায়নহাট বাজারে অবস্থান নেয়। ভোর ৪টার দিকে দুটি মিনিট্রাক (নং ঢাকা মেট্রো-ড ১১-২৩২০ এবং ঢাকা মেট্রো-ড-১১-২৫৮০) নারায়নহাট বাজার অতিক্রম করার সময় আগে থেকে ওৎ পেতে থাকা বনকর্মীরা ট্রাক দুটি থামার সঙ্কেত দেয়।
বনকর্মীদের অবস্থান টের পেয়ে রাস্তার পাশে ট্রাক থামিয়ে চালকসহ ২টি ট্রাকের আরোহীরা পালিয়ে যায়। পরে ট্রাক ২টি থেকে প্রায় ৬০০ ঘনফুট অবৈধ গামারী ও গর্জন প্রজাতির গোলকাঠ জব্দ করা হয়। আটক কাঠের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
একই অভিযানকারী দল ভোর ৫টার দিকে হাটহাজারী সড়কের সরকার হাট নামক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ বোঝাই একটি জিপ গাড়ি (নং- ঢাকা-ক- ৭৩৬) আটক করে। কাঠ বোঝাই তিনটি গাড়ি চট্টগ্রাম উত্তর বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ৩টি মামলা হয়েছে।
চট্টগাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল্লাহ জানান, চট্টগ্রামের হাটহাজারী ফটিকছড়ি উপজেলা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ কাঠ পাচার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেআই





