কুমিল্লার চৌদ্দগ্রামে দূর্বৃত্তদের ছোড়া পেট্টোলবোমায় অগ্নিদগ্ধদের মধ্যে রাশেদুল ইসলাম বাদশা (২৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রাশেদ মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পার্ল বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধ রাশেদুলের শরীরের ৮০ শতাংশ বার্ন ছিল।

রাশেদের চাচা সামছুল আলম জানান, গত ২ ফেব্রুয়ারি রাতে কক্সবাজারে গাড়ীতে ওঠেন ঢাকা আসার জন্য। ঢাকা থেকে রাশেদ বিমানবন্দর হয়ে বুধবার সন্ধ্যায় কাতার যাওয়ার কথা ছিল। রাশেদকে এগিয়ে দেওয়ার জন্যই তিনিও গাড়ীতে উঠেছিলেন।

৩ ফেব্রুয়ারি ভোররাতের দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের বাসটি পেট্টোলবোমা হামলারর্ শিকার হন। ওই ঘটনায় ঘটনাস্থলে ৭জন নিহত হন। বাকীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।

তিনি আরো জানান, রাশেদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তিনি দুই বছর আগে বিয়ে করেন। পরিবারে তার স্ত্রীসহ এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার আয়েই পরিবারের সকলের সংসার চলত। কাতার যেতে এসে এখন রাশেদ নিজেই পরপারের কাতারে চলে গেলেন। নিহতদের কাতারে সামিল হলেন রাশেদ।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গরবার সকালে ১০ জন অগ্নিদগ্ধের মধ্যে ৬জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বাকীদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এআই/এসএইচ