চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন সেগুন বাগানস্থ তা’লিমুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সে কাঁথা মোড়ানোবস্থায় ইসমাম হায়দার (৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এটিকে হত্যা দাবী করে এলাকার লোকজন মাদ্রাসাটি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন এবং ভাঙচুরের চেষ্টা চালায়। জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রথমে নিহতের স্বজনরা মাদরাসা থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে মাদরাসা কর্তৃপক্ষ ইসমামের পরিবারকে জানায় সে নিখোঁজ। তবে তারা এসে মাদরাসায় তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে ইসমামের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে ‍যায়।

রাত দেড়টার সময় ঘটনাস্থল থেকে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন জানান, শিশুটি কিভাবে মারা গেছে তা আমরা বলতে পারছি না। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় যায়। তবে লাশ উদ্ধার করেছি হলিক্রিসেন্ট হাসপাতাল থেকে।

এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা জানিয়েছে রাতে বিছানায় কাঁথা মোড়ানোবস্থায় ইসমামের মৃত্যু হয়েছে। তাকে নির্যাতন করে কাঁথা মুড়িয়ে রাখা হয় বলে দাবী করে এলাকার লোকজন।

নিহত ইসমাম বাঁশখালী উপজেলার চানপুর পশ্চিম নাকমোড়ার নাজিম উদ্দিনের ছোট ছেলে। তারা দীর্ঘদিন ধরে নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার মাদরাসা ভবন এলাকার ইলিয়াস সাহেবের বিল্ডিংয়ে ভাড়া থাকে। তারা চার ভাই। সে সবার ছোট। দুই বছর মাদ্রাসায় ভর্তি হন নিহত ইসমাম বলে জানাগেছে। 

মাসুম/নাজিব