চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে দুই ভাই-বোন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪)।

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কে রেল গেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই-বোন মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। তাদের বাড়ি চাঁদপুর জেলায়। চাকরির কারণে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় তারা থাকতেন।

ওই এলাকার বাসিন্দা মো: শাখাওয়াত হোসেন জানান, বিকেলে মোস্তফার স্ত্রী-ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিলো মালেক। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়া এগিয়ে গেলে দুইজনেই ট্রেনের নিচে কাটা পড়ে। ভাই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) পুলিশের ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি দল পাঠানো হয়েছে।

এমবি