২৬ জেলার ডিসি-এসপিকে ইসির চিঠি। আগামী ১৩ জুলাই দেশের বিভিন্ন জেলার ৫৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা জানান, এসব ইউপির মধ্যে ২২টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপ-নির্বাচন এবং দু’টি ইউপিতে পুন:নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন পাবনার সুজানগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দু’টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ২৬ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কমিশন সচিবালয় আজ মঙ্গলবার চিঠি দিয়েছে।
চিঠিতে নির্বাচন চলাকালে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
এসব নির্বাচনে যাতে গোলাযোগ দেখা না দেয়, সেই লক্ষ্যে বাড়তি প্রস্তুতি নিতেই মূলত: এ চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিতে ডিসিদের এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিতে এসপিদের নির্দেশ দেয়া হয়েছে।
ডিসি ও এসপিদের কাছে পাঠানো নির্বাচন কমিশনের উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সুনাম অর্জন করেছে।
নির্বাচন কমিশনের অর্জিত সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে আসন্ন ১৩ জুলাই অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনসমূহ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করাসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। মোতায়েনকৃত আইনশৃঙ্খলা বাহিনী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে এ বিষয়ে যথার্থ নিদের্শনা দেয়ার অনুরোধ করা হলো।’
যেসব জেলার ডিসি ও এসপিকে চিঠি পাঠানো হয়েছে সেগুলো হলো- ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, সিলেট, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।
এমবি





