কাফরুলে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।
শনিবার রাত ১ টার দিকে সেনপাড়া পর্বতার ৫৯০ নম্বর টিনসেটের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আমেনা বেগম (৩০), তার স্বামী সজিব, তার দেড় বছরের শিশু সন্তান আরমান, বোন ফাতেমা (১০), ভাই জাহিদ (১৫), তার বাবা দেলোয়ার (৬০) ও মা সালেহা (৫০)। তারা সবাই এখন ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
কাফরুল থানার এসআই হাসান বলেন, গ্যাস বিস্ফোরণের পর শাহ আলম নামে একজন তাদেরকে উদ্ধার করে। উদ্ধার করতে গিয়ে শাহ আলম নিজেও আহত হয়েছেন। তারপর রুহুল আমিন নামে একজন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
তিনি বলেন, এ ঘটনায় ৬ জন দগ্ধ হওয়ার পাশাপাশি টিনসেট বাড়িটির প্রায় ২/৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করলে বাহক রুহুল আমিন বলেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা সবাই বার্ন ইউনিটে ভর্তি আছেন।
৬ জনের মধ্যে দেলোয়ার ও তার ছেলে জাহিদের অবস্থা একটু আশঙ্কাজনক বলেও জানান তিনি।
এসএইচ





