জাটকা বিক্রি বন্ধে বগুড়ার শেরপুর উপজেলার হাটবাজারে অভিযান পরিচালনা করেছে স্থানীয় মৎস্য অধিদফতর।আজ বুধবার দুপুর থেকে পৌরশহরের বারোদুয়ারি হাটে এ অভিযান চালানো হয়।
প্রথমদিনে শহরের একটি মাছের আড়তে অভিযান চালিয়ে ৪০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে, অভিযানের খবর পেয়ে বেশিরভাগ বিক্রেতা পালিয়ে যান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জুবায়দুল আলম, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসিম, প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক, সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, মৎস্য অফিসের কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় চারটি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় জাটকাগুলো বিতরণ করা হয়।
সন্ধ্যায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জুবায়দুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, ১০ ইঞ্চির ছোট ইলিশ মাছকে জাটকা নামে অভিহিত করা হয়ে থাকে। মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী, প্রতিবছর ০১ নভেম্বর থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি দণ্ডনীয় অপরাধ। তাই জাটকা বিক্রি ঠেকাতে অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে এ মৎস্য কর্মকর্তা জানান।
এসটি





