রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার রাতে দায়েরকৃত ওই মামলায় বিএনপির ২৬ নেতাকর্মীর নামসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার মোল্লা বাদী হয়ে এ মামলা করেন।

এদিকে, মামলায় এজাহারভুক্ত আসামি রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা (৫০), দৌলতদিয়া ইউনিয়নের শাহদাৎ মেম্বারের পাড়া গ্রামের করিম পালের ছেলে শহিদ পাল (৩৫), তারেক আলী সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার ও রফিকুল ইসলামের ছেলে রাসেল বেপারীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাকৃতদের সোমবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূঁইয়া নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, স্থানীয় বিএনপি নেতা মো. আব্দুল হালিম ফকির (৩৮), আইয়ুব খান (৪৫), ইয়াহিয়া খান (৩২), ফরিদ খান (২৫), মো. রাসেল বেপারী (২৪), জাহিদ ওরফে আম বাবু (৩০), বাহা সরদার (৪০), মজনু (৪০), আবুল মোল্লা (৩৫), রেজাউল (২৫), হোসেন (২৫), ফরিদ (৩৫), ফজল (২৫), গাফফার খা (৩৫), সোহাগ (৩৫), সাইদ (৩৫), আক্কাচ সরদার (৪৫), সামছু মাতুব্বার (৩৫), রতন (২৫), জাহাঙ্গীর সরদার, আবুল কালাম শেখ (৪৫), ইসমাইল মন্ডল (৩৫), আফছার (২৮) ও বাচ্ছু খা (৪২) সহ অজ্ঞাতপরিচয় ২৫/৩০ জন।

রোববার দৌলতদিয়ায় রিপন হত্যাকাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল থেকে উত্তেজিত জনতার একাংশ দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ