হরতারের সমর্থনে চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে এই বিস্ফোরণ ও মিছিল করে শিবির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রশিবিরের একটি দল ব্যানার নিয়ে মুরাদপুর মোড়ের দিক থেকে মিছিল নিয়ে রেলগেইটের দিকে আসে। শিবিরের মিছিলটি হরতালের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মুরাদপুর রেলগেইট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
শিবিরের একজন নেতা সমাবেশে বক্তব্য দেওয়ার পর মুরাদপুর অক্সিজেন সড়কের রেলগেইটে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তবে ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়বের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে ঘটনার ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমকে





