ট্রাক চালকদের দখলে থাকা রাজধানীর ইংলিশ রোড সংলগ্ন সিটি করপোরেশনের পার্কটি উদ্ধারে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার দুপুর ১২টা থেকে অভিযান শুরু কথা থাকলেও দখলদারদের কঠোর অবস্থান ও ক্ষমতাসীনদের দেন-দরবারের কারণে বিকেল ৫টার পর এ অভিযান শুরু হয়।
দুপুরে বিপুল সংখ্যক পুলিশ, রেকার ও একটি বুলডোজার নিয়ে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ পার্কের সামনে উপস্থিত হলে অভিযানের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন দখলদাররা। এদের কেউ কেউ আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তাদের ট্রাকগুলো সরিয়ে নেয়ার সময় চান। এ অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিকেল পর্যন্ত সময় দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের ইংলিশ রোড সংলগ্ন এই পার্কটি দীর্ঘ দিন ধরে ট্রাক চালকদের অবৈধ দখলে রয়েছে। পার্কটি দখলমুক্ত করতে বেশ কয়েকবার দখলদারদের শীর্ষ নেতাদের আমরা সতর্ক করেছি। কিন্তু এরপরেও তারা দখল ছাড়েনি। তাই পার্কটি দখলমুক্ত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
‘এখানে চালকদের সঙ্গে কথা বলে তাদের পার্কটি খালি করে দিতে বিকেল পর্যন্ত সময় দেয়া হয়েছে। এরপরেও তারা তা করেনি। এখন আমরা পার্কের এক প্রান্ত থেকে অবৈধ পিলার কাটতে শুরু করেছি। অপর প্রান্ত থেকে ট্রাকগুলো সরতে শুরু করেছে।’
অভিযান শেষ করতে আরো দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ।
অভিযান চলাকালে সেখানে উপস্থিত ছিলেন- সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ, সহকারী কর্মকর্তা শামসুল আলম।
পার্কের দখলদার ঢাকা জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম বলেন, ‘স্বাধীনতার পর থেকে আমরা এখানে অবস্থান করছি। রাস্তায় গাড়ি পার্কিং করলে পুলিশ ধরে। চাঁদা আদায় করে। আমরা কী করবো। উচ্ছেদ করুক। আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের একটি স্থান নির্ধারণ করে দেয়া হোক।’
তিনি বলেন, ‘আমরা নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও সংসদ সদস্য হাজী মো. সেলিমের সঙ্গে যোগাযোগ করেছি। তারাসহ আমাদের সমিতির কেন্দ্রীয় নেতারা সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।’
জেআই





