বগুড়ার গাবতলীতে ইউপি নির্বাচনের সভা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং মারপিটের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৮ জন আহত হলেও গ্রেফতার এড়াতে তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার বিকাল ৫টায় বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি পৃথক স্থানে সভা আহ্বান করে।
ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ রামেশ্বরপুর হাইস্কুলে এবং বিএনপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা ডাকে।
এই সভায় যোগদানের পথে দুই দলের কর্মীদের মঝে কথা কাটাকাটি হয়। এঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুই দলের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ধাওয়া পাল্টা চলাকালে উভয় সভাস্থলের সামনে রাখা ৫টি মোটরসাইকেল, ৭টি দোকান ভাংচুর এবং অগ্নিসংযোগ করে দেয়।
খবর পেয়ে গাবতলী থানা এবং বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুই দলের কর্মীদের ধাওয়া ও ৭৫ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এসময় পুলিশের দুই কন্সটেবল আহসানুল হক ও আশরাফ আলী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বগুড়ার সহকারি পুলিশ সুপার (এ সার্কেল) সাব্বির আহম্মেদ সরফরাজ জানান, সভা নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহত দুই পুলিশ কন্সটেবল এখন সুস্থ্য রয়েছে।
এসএম





