গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮২০ জন।  গতকাল (মঙ্গলবার) সকাল ৮টা থেকে আজ (৪ সেপ্টেম্বর) বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে এই রোগীরা ভর্তি হন।

রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৪৫ জন এবং  ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৭৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাইরে ৪৩৯ জনসহ নতুন মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭৮৩ জন। এই হিসেবে গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৩৭ জন বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এইসব তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, গত কয়েকদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কখনো বাড়ছে কখনো কমছে। কন্ট্রোল রুমের তথ্যানুসারে গত ৩১ আগস্ট থেকে আজ (৪ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশের হাসপাতালে যথাক্রমে ৭৬০ জন, ৯০২, ৮৬৫, ৭৮৩ ও ৮২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৫৬৫ জন।

ডেঙ্গুতে ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অস্মিতা টানা ৬দিন লাইফ সাপোর্টে থাকার পর থেকে অবশেষে মারা গেছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার মিলেনিয়াম হাসপাতালে সে মারা যায়।

অস্মিতা সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালপুর গ্রামের বিশিষ্ট কবি ও ছড়াকার হেনা নুরজাহান এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এমআইএস অ্যান্ড আইসিটির ব্যবস্থাপক প্রকৌশলী আমানত মাওলা টিপুর মেয়ে।

এমবি