নোয়াখালীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ২৫টি ইউনিয়নে নির্বাচন চলছে।
সেনবাগ উপজেলায় ও বেগমগঞ্জ উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র অনিয়মের অভিযোগ। কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের অভিযোগে প্রায় ৪৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কর্মকর্তারা।
বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দারুল উমল ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের সামনে র্যাবের ধাওয়া খেয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে গেলে হাসপাতালে নেওয়ার পথে সৈয়দ আহম্মদ নামে (৬৫) এক বৃদ্ধ মারা যায়।
এ ছাড়া একই ইউনিয়নের আলাদী নগর স:প্রা: বিদ্যালয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহজাজলাল (৬০) ব্যক্তি গুলিবিদ্ধ হয় এবং গোপালপুর ইউনিয়নের বসন্তেরবাগ স:প্রা:বি:কেন্দ্রে সংঘর্ষে জাফর মিয়া (৪৫) গুলিবিদ্ধ হয়। এছাড়া কাদিরপুর ইউনিয়নে মামুন (২৩) নামে ধানের শীষ প্রতীকের এক এজেন্ট গুলিবিদ্ধ হয়। এরা সবাই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
অপর দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করায় নৌকা প্রতীকের সমর্থকরা মাইজদী চৌমুহনী সড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুই পাশে দুর পাল্লার যানচলাচলে বিঘ্ন ঘটে। রাস্তার দুই পাশের সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
এমআইএস





