কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত সোনিয়া আক্তার (২৪) মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেম্বার ওয়িদ মিয়ার মেয়ে।

হোমনা উপজেলার শোভারামপুর গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী শরিফ আহম্মেদ পলাতক রয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুল মতির ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শরিফ অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। একসময় প্রেমের বিষয়টি শরিফের পরিবারের সবাই জেনে যায়। এ নিয়ে প্রায়ই সোনিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হতো। এ ঘটনার জের ধরে বুধবার রাতে সোনিয়ার সঙ্গে ঝগড়া হয় শরিফের। ধারণা করা হচ্ছে রাতে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে যান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মেদ মিয়াজী জানান, খবর পেয়ে সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এম এ