কালবৈশাখী ঝড়ের আঘাতে রাজশাহীর বিভিন্ন উপজেলায় ৩১ হাজার ৯৩৬টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে ২ হাজার ৫৩৩ হেক্টর।
রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।
৩১ হাজার ৯৩৬ হাজার বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে সম্পূর্ণ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে ৬ হাজার ৯০৬টি ও আংশিক বিধ্বস্ত হয়েছে ২৫ হাজার ৩০টি ঘরবাড়ি।
এদিকে ঝড়ে মোট ৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। ইতিমধ্যে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার করে টাকা ও আহতদের প্রত্যেককে ৫ হাজার করে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২০ থেকে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকালের কালবৈশাখীর তাণ্ডবে রাজশাহী জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়। এরমধ্যে বাঘায় দুইজন, গোদাগাড়ী, পবা ও পুঠিয়ায় তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরো অন্তত ২৫ জন মানুষ।
এমকে





