চাঁদপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম নোমানসহ ১১ জনের নাম উল্লেখ করে ২শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

চাঁদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম শনিবার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত যুবলীগ নেতা ইকবাল বেপারীকে আটক করেছে পুলিশ।

অবশ্য শনিবার বিকেলে আদালত থেকে জামিন নিয়ে তিনি মুক্ত হয়েন। অপরদিকে আহত নেতাকর্মীদের দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে এসেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি। তিনি শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের খোঁজ খবর নেন। এ ঘটনা নিয়ে কোনো অভিমত ব্যক্ত করতে রাজি হননি ডা. দীপু মনি এমপি।

অপরদিকে চাঁদপুর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, সাবেক ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম রোমানকে ১ নম্বর আসামি করে থানায় মামলা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উলে­খ্য, চাঁদপুরে গত শুক্রবার বিকেলে শপথ চত্ত্বরে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমানকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের মাঝে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী ও ১৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের শপথ চত্ত্বর মোড়ে এ ঘটনা ঘটে।