নড়াইলের নড়াগাতি থানায় অনার্স পড়ুয়া বোনকে পিটিয়ে ও নদীতে চুবিয়ে হত্যার অভিযোগ তার বড় ভাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নড়াগাতি থানার কালিনগর গ্রামের নলিয়া নদী থেকে বোন ফাতিমা আক্তারের (১৯) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড় ভাই রিপন মোল্লাকে আটক করেছে পুলিশ।

সূত্রে জানা গেছে, কালিনগর গ্রামের মকলেস মোল্লার অনার্স পড়ুয়া মেয়ে ফাতিমা আক্তারকে (১৯) পারিবারিক কলহের কারণে তার বড় ভাই রিপন মোল্লা পিটিয়ে ও বাড়ির পাশের নলীয়া নদীতে চুবিয়ে হত্যা করে।

নড়াগাতি থানার ওসি (তদন্ত) রজব আলী জানান, রিপন প্রথমে ফাতিমাকে মাথায় আঘাত করে। পরে বাড়ির পাশের নদীতে চুবিয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই রিপন মোল্লাকে (৩৫) আটক করা হয়েছে। 

মৃতদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানায় ওসি।

এমবি