প্রেস ক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সেক্রেটারি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঠকপ্রিয় নিউজপোর্টাল ‘সুবর্ণভূমি’ সম্পাদক আহসান কবীরকে প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ।
এক বিবৃতিতে বিএফইউজে নেতৃদ্বয় সাংবাদিক নেতা আহসান কবীরকে টেলিফোনে প্রাণনাশের হুমকি এবং অশ্লীল ভাষায় গালিগালাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএফইউজে ।
এ ঘটনার কয়েক দিন অতিবাহিত হওয়ার পরও হুমকিদাতাদের খুঁজে বের না করায় প্রশাসনের সমালোচনা করেন। বর্তমান উন্নত প্রযুক্তির যুগে কারা হুমকি দিয়েছে তা খুঁজে বের করা কোন কঠিন কাজ নয়।
কিন্তু বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ার পরও হুমকি দাতাদের চিহ্নিত করে গ্রেফতার না করায় আমরা বিস্মিত। অবিলম্বে হুমকিদাতাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএফইউজে নেতৃদ্বয়।
একই সঙ্গে প্রশাসনের কাছে আহসান কবীরের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এএস





