গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় বস্তিতে আগুন লেগে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো দুজন। আগুনে ওই বস্তির তিনটি ঘর ও চারটি দোকান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রানা (১৩)। সে এরশাদনগরের বাসিন্দা মনির হোসেনের ছেলে।

আহতরা হলেন, রানার বাবা মনির হোসেন ও ভাই রাজীব। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, ভোরে এরশাদনগরের ২ নম্বর ব্লকের ওই বস্তিতে আগুন লাগে। প্রায় সঙ্গে সঙ্গেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

শুরুতে স্থানীয়রা নিজেরাই আগুন নেভাতে চেষ্টা করেন। পরে আগুনের ব্যাপকতা দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দমকলকর্মীরা আধঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

আগুনে বস্তির বাসিন্দা মনির হোসেনের স্কুলপড়ুয়া ছেলে রানা মারা যায়। আহত হন রানার বাবা মনির ও ভাই রাজিব। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে ওই বস্তির তিনটি ঘর ও চারটি দোকানের বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলেও জানান আতিকুল ইসলাম। তবে তিনি জানান, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

জেড