গাজীপুর জেলার সিটি করপোরেশনের গাছা এলাকার মা এ্যাপারেলস নামে একটি সোয়েটার কারখানার গোডাউনে গত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এলাকাবাসী ধাওয়া করে ৩ ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটক ডাকাতরা হলেন, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দিলবরচর এলাকার হবি মিয়ার ছেলে ইব্রাহিম (২২), কিশোরগঞ্জ সদরের মৃত নায়েব আলীর ছেলে মোঃ রাজু (২০) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকার শহিদের ছেলে মোঃ শাহিন (২০)।
কারখানার ব্যবস্থাপক মোঃ সালেক হাওলাদার জানান, বুধবার ভোর ৪টার দিকে একটি ট্রাকে করে ১৫/১৬ জনের ডাকাতদল মা এ্যাপারেলস কারখানার গোডাউনে হানা দেয়। ডাকাতরা গোডাউনের গেটের তালা কেটে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে। পরে গোডাউন থেকে সুতা ট্রাকে তুলতে থাকে। এ সময় পাশের কারখানার শ্রমিকদের সন্দেহ হলে এলাকাবাসী ও পুলিশে খবর দেয় তারা।
সুতা লুট করে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ৩ ডাকাতকে ধরে ফেলে। বাকিরা ট্রাকে করে পালিয়ে যায়। ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৫ হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে গেছে।
জয়দেবপুর থানার এসআই অজয় কুমার চক্রবর্তী জানান, ৩ জনকে আটক করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।
এমএম





