নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকায় ভারত থেকে গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফের) গুলিতে এক ভারতীয় গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ভারতীয় গরু ব্যবসায়ী।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকার ২৪৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫। আহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩০)। তাদের দু'জনের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরে।

এ বিষয়ে নওগাঁ ৪৬ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, আজ ভোরে জিল্লুর রহমান ও তার সহযোগী চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় তারা ২৪৫ নম্বর পিলারের কাছে এলে বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়।

এতে ঘটনাস্থলেই একজন মারা যান ও জিল্লুর রহমান গুলিবিদ্ধ হন। জিল্লুর বাংলাদেশের অভ্যন্তরে এলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

জিল্লুরকে ফেরত দেওয়ার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস