যশোরে থ্রি হুইলারের ধাক্কায় নসিমন যাত্রী ব্যাংক কর্মকর্তা নিহত ও আরো ৫ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর-খুলনা মহাসড়কের হাটবিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফফার (৫০) যশোর সদর উপজেলার শাখারিগাতি এলাকার শরীয়ত উল্লাহ মোল্লার ছেলে ও রূপদিয় শাখা কৃষি ব্যাংকের কর্মকর্তা।

এলাকাবাসী জানান, যশোর সদর উপজেলার হাটবিলা এলাকায় যশোরমুখী একটি থ্রি হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের ৬ যাত্রী আহত হয়।

তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আব্দুল গফফারের মৃত্যু হয়।

আহতদের মধ্যে তরিকুল (২৫), রাশিদা (৩৫), আলিমুন্নেসা (৪২) ও আছিয়াকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ