আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘সিটি করপোরেশনের মেয়রদের বলব, আমরা আপনাদের সঙ্গে আছি। নার্ভাস হবেন না। অহেতুক, অযৌক্তিক কথা না বলে ডেঙ্গুর উৎস, মশা দমনে সমন্বিতভাবে কাজ করুন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার মতো মনোভাব নিয়ে কাজ করার পরাশর্ম দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

আজ রোববার (২৮ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে পেশাজীবীদের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভায়, গুজব সৃষ্টির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা অবশ্যই ডেঙ্গু মশা নির্মূল করতে পারব। আপনারা সাহস করে, কম কথা বলে ডেঙ্গু জ্বরের কারণ এডিস মশার উৎস ধ্বংস করতে কাজ করুন। একটি সমন্বিত কমিটি করে আলাপ-আলোচনার মাধ্যমে কাজ করা যেতে পারে। প্রয়োজনে সব আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে মশার উৎস ধ্বংস করতে কাজে লাগান। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন।’

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অপপ্রচার, গুজব ছড়িয়ে মানুষ হত্যা আর প্রিয়া সাহার বক্তব্য ষড়যন্ত্রের একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন ১৪ দল নেতারা।

এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে যে জঙ্গি তৈরি, উৎপাতের কারখানা আছে, সেই একই কারখানায় গুজবের জন্ম। সুতরাং আজকে যারা গুজবের প্রচার করে সরকারকে ঘায়েল করতে চাচ্ছে, এটা তারা পারবে না।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে চায়, স্থিতিশীলতাকে নষ্ট করতে চায়, মানুষকে আতঙ্কগ্রস্ত করতে চায়। প্রিয়া সাহাকে অর্গানাইজড ওয়েতে নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে অন্য দেশের রাষ্ট্রপ্রধান গেলে সহজে দেখা করতে পারে না। অথচ প্রিয়া সাহা এত সহজে দেখা করতে পারল?

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, চক্রান্তকারীরা গুজব ছড়িয়ে, গণপিটুনির নামে মা-বোনদের হত্যা করে সফল হবে, এই চিন্তা করলে তারা ভুল করবে। কারণ, অতীতে তারা জ্বালিয়ে পুড়িয়ে সফল হতে পারেনি।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ও খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করার দিকে যাচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় একটি কমিটি গঠন করা দরকার। এই পরিস্থিতি যাতে আগামীতেও আর না হয় সে জন্যও প্রস্তুতি নিতে হবে।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, কেন্দ্রীয় সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কামরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ, নির্মল রোজারিও, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) সভাপতি আব্দুস সবুর, বুয়েটের সাবেক প্রোভিসি হাবিবুর রহমান প্রমুখ।

 

এএস