গাজীপুরের শ্রীপুরের জে জে ফ্যাশন লিমিটেডের ৩৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. জামিল ইবনে বাশার জানান, দুপুর ২টার দিকে কারখানার কর্মকর্তারা গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার ডাচ্-বাংলা ব্যাংক থেকে ৩৭ লাখ টাকা তুলে একটি মাইক্রোবাসে শ্রীপুরের কারখানায় যাচ্ছিলেন। পথে সালানা ব্রিজের দক্ষিণ পাশে মাইক্রোবাসটি পৌঁছলে গাড়ির সামনে থাকা দুটি গাড়ি হঠাৎ থেমে যায়।
এ সময় সামনে থেকে তিনটি মোটরসাইকেলে ৫-৬জন সশস্ত্র যুবক মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে তারা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি জানান, টাকাসহ মাইক্রোবাসে কারখানার সহকারী ব্যবস্থাপক (হিসাব) হাসিব জোবায়ের, অফিসার (মানবসম্পদ) রুহুল আমীন, সহকারী হিসাবরক্ষক কৌশিক আহমেদ ও চালক ছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।
জয়দেবপুর থানার এসআই অজয় কুমার চক্রবর্তী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এমআর





