টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম।

শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এস এম আলম বলেন, বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বিদের সঙ্গে আলোচনায় তারা জানিয়েছেন, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক জানান, সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইজতেমা ময়দানে জেলা প্রশাসনের সমন্বয় কক্ষে বসে আখেরি মোনাজাতে অংশ নিবেন। এ বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিশ্ব ইজতেমার নিরাপত্তা বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ইজতেমা ময়দানে যাতে কোনো ধরনের নাশকতা কেউ করতে না পারে সে জন্য এবারের ইজতেমা ময়দানে আরও বেশি সতর্ক অবস্থা নেওয়া হয়েছে।

নাশকতার বিষয়গুলো বিবেচনায় রেখে এবার বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শনিবার সকালে ইজতেমা ময়দানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে যে সব বিদেশি মুসুল্লিরা অংশ নিয়েছেন, তাদের ব্যাপারে পূর্ব থেকে খোঁজ-খবর নিয়ে ইজতেমায় আসার অনুমতি দিয়েছে সরকার।

গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে জয়দবেপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের মিরের বাজার থেকে আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে। শনিবার দিবাগত রাত ৩টা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এসএইচ