খালেদা জিয়া তার প্রেস ব্রিফিংয়ে অত্যন্ত সুন্দরভাবে মিথ্যার ফুলঝুড়ি উপহার দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেল ৪ টায় ইন্দেনেশিয়া সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
দ্বি-পাক্ষিক বৈঠকের মাধ্যমে ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।
শেখ হাসিনা বলেন, অর্থ নিয়ে বেইমানি করা খালেদা জিয়ার স্বভাব। তাই তিনি ভোটারদের বলেছেন নগদ যা পাও হাত পেতে নাও।
তিনি আরো বলেন, ২০১৩ সালে আন্দোলনের নামে গাছ-পালা ধ্বংস করেছেন। ২০১৫ সালের ৫ জানুয়ারির পর ৯২ দিনের অবরোধে ১৫০ জনের মতো মানুষ হত্যা করেছেন। খালেদা জিয়া যে বাস পুঁড়িয়ে মানুষকে হত্যা করেছেন, আবার তিনিই সেই বাস মার্কায় ভোট চাইছেন।
খালেদার জিয়ার উপর হামলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অপকর্মের কারণে কেউ যদি কালো পতাকা হাতে তাকে প্রশ্ন করে তাহলে আমার কি করার আছে। যারা কালো পতাকা হাতে দাড়িয়েছিল বিএনপির ক্যাডাররা তাদের প্রতি হামলা করেছে বলেও তিনি অভিযোগ করেন।
এসময় মিডিয়ার প্রতি শেখ হাসিনা অভিযোগ করে বলেন, খালেদা জিয়া নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রচারণা করলেও মিডিয়াগুলো খালেদা জিয়ার অপকর্ম ঢাকা দিচ্ছে কিন্তু আমরা যত ভালো কাজই করি মিডিয়া তা না দেখিয়ে আমাদেরকে খারাপভাবে উপস্থাপন করছে।
দেশের ভাবমূর্তি নষ্ট করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘প্রতিশোধ’ নেওয়ার কথা বলছেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন তুলে বলেন, ভাবমূর্তি নষ্ট করার কারণে যদি দেশের মানুষ ‘প্রতিশোধ’ নেয়, তিনি কোথায় যাবেন, সেটা তাঁর ভেবে দেখা উচিত।
ইআর





