রাজধানীর খিলগাঁও জোড়া পুকুর মাঠে মঙ্গলবার ভোর রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবকের পরিচয় মিলেছে।
নুরুজ্জামান জনি (৩০) নামে নিহত ওই যুবক খিলগাঁও থানা ছাত্রদলের সেক্রেটারি ছিলেন। তার বাবার নাম ইয়াকুব আলী। তিনি ২০১ তিলপাপাড়া, খিলগাঁও এলাকায় থাকতেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইয়াকুব আলী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এসে ছেলের লাশ শনাক্ত করেন।
মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে খিঁলগাওয়ের জোড়াপুকুর মাঠে অভিযানে গেলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে জনি আহত হন। তাকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
মাসুদুর রহমান বলেন, এই জনিই গত শনিবার রাতে মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলেন।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি, ছয়টি হাতবোমা ও একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ নিয়ে গত দুই দিনে রাজধানীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিরোধী দলের দুই নেতা নিহত হলেন। সোমবার রাতে নড়াইলের জামায়াত নেতা ইমরুল কায়েস ঢাকার মতিঝিলে ক্রসফায়ারে নিহত হন।
এআর





