জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে বগুড়ায় ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে সর্তক থাকতে।

মঙ্গলবার রাত থেকে বগুড়া শহরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম।

তিনি  জানান, মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড সর্বোচ্চ শক্তি দিয়ে দমন করা হবে। এজন্য ইতোমধ্যে জেলার মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

এসপি আরো বলেন, পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযান চলাকালে নিরীহ লোকজনকে হয়রানি না করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশী অভিযান শুরু করেছে।

জামায়াত ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল  জানান, রায় ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশনা রয়েছে। রায় পরবর্তী কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে নেতাকর্মীরা।

জেআই