সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি সৌদি বাদশাহর রূহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত রাজকীয় পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান।

অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার ভোরে মারা যান বাদশাহ আব্দুল্লাহ (৯০) ।

দেশটির রাজকীয় আদালতের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, আসরের নামাজের পর ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে বাদশাহ আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে সৌদি আরবের বাদশাহ হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাদশাহ আব্দুল্লাহর ভাই সালমান বিন আব্দুল আজিজ (৭৯)। শুক্রবার এশার নামাজের পর বাদশাহ হিসেবে শপথ নেবেন তিনি। এ সময় মারকিন বিন আব্দুল আজিজ আল সৌদ ক্রাউন প্রিন্স হিসেবে শপথ নেবেন।

১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান। তিনি প্রয়াত বাদশাহ আব্দুল আজিজের ২৫তম সন্তান। তরুণ বয়সে রিয়াদ প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন সালমান।

প্রায় ৫০ বছর গর্ভনর হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান সালমান। ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত হন ২০১২ সালে।

কেএইচ