কক্সবাজারের রামু উপজেলায় নির্মিত দেশের সব চেয়ে বড় (১শ ফুট) সিংহ শয্যা গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেছন শ্রীলঙ্কা সেনাবহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর এম ডি রাতনায়েকে।

বুধবার সকাল ৯টা ২০মিনিটে তাকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি রামু রাবার বাগান হেলিপ্যাডে অবতরণ করে।

পরে উপজেলার উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাননা কেন্দ্রে নির্মিত গৌতম বুদ্ধমূর্তি পরিদর্শন করেন তিনি।

বুদ্ধমূর্তি পরিদর্শন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন আর এম ডি রাতনায়েকে।

এ সময় উপস্থিত ছিলেন- ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল ছাব্বির আহম্মেদ, ফাঁসিয়াখালী ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন মোহাম্মদ চৌধুরী পিএসসি, ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাজহারুল আল-কবির খোকন প্রমুখ।

এসময় ‌শ্রীলঙ্কার সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা পারস্পরিক কুশল বিনিময় ও পেশাগত বিষয়ে মতবিনিময় করেন।

এর আগে শ্রীলঙ্কার সেনা প্রধান স্বপরিবারে উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছুলে তাদের স্বাগত জানান- কেন্দ্রের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া ও বৌদ্ধ নেতৃবৃন্দ। ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ করুণাশ্রী থেরর সঙ্গেও কুশল বিনিময় করেন এ সেনা প্রধান। সংক্ষিপ্ত সফর শেষে ১০টা ২০মিনিটের দিকে হেলিকপ্টারে করে রামু ত্যাগ করেন তিনি।

ইআর