হবিগঞ্জ ও নড়াইলে জেলা জাসদ সভাপতিসহ বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রতিনিধদের পাঠানো খবর...

হবিগঞ্জ

হবিগঞ্জে জেলা জাসদ সভাপতিসহ বিএনপির ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের মাঝে জেলা জাসদ সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বাহুবল উপজেলা যুবদল সভাপতি হাজী শামছুল আলম, ছাত্রদল আহ্বায়ক আব্দুল আহাদ কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলামসহ মাধবপুরে সাত, নবীগঞ্জে পাঁচ, সদর থানায় তিন, বাহুবলে চার, বানিয়াচংয়ে তিন, আজমিরীগঞ্জে এক ও শায়েস্তাগঞ্জ থানায় দুইজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা মাহবুব উদ্দিন। তিনি জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

নড়াইল

নড়াইলে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের ধলা মিয়ার ছেলে শাহাবুদ্দিন, সাধুখালী গ্রামের রফিক জোয়াদ্দারের ছেলে জাহাঙ্গীর জোয়াদ্দার, শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে নজরুল ইসলাম, ইলিন্দি গ্রামের মৃত কোবাদ শেখের ছেলেআকবর শেখ ও নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের মৃত খোরশেদ হেসেনের ছেলে লিয়াকত হোসেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।