সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মানিক মেম্বারের ইটভাটার সামনে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর (৫৫) নামে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত মনা মিয়ার পুত্র। আহতরা হলেন- মো. মোস্তাক (৪০) ও তারেক বাবু (৩৫)। আহতদের রাত ৩টা ২০মিনিটের দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মানিক মেম্বারের ইটের ভাটার সামনে একটি পিকআপ ভ্যান দাঁড়ানো ছিল। দ্রুত গতির একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হয়। আহতদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





