গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের নয়ানিপাড়া এলাকায় ধর্ষণ চেষ্টার পর তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুরে জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত স্কুলছাত্রীর নাম শান্তনা রবিদাস (১০)। সে স্থানীয় সাপমারা এলাকার নিরঞ্জন রবিদাসের মেয়ে এবং পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টার দিকে শান্তনা রবিদাস বাজার করতে পাশের পূবাইল বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় সে বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ি থেকে পূবাইল যাওয়ার পথে সাতানি পাড়া এলাকার একটি ঝোঁপের মধ্যে গলায় ওড়না প্যাঁচানো খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পূবাইল ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি)খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধর্ষণ চেষ্টার পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছে। তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা ময়না তদন্তের পর জানা যাবে।

কেএইচ