ঢাকার গুলশানে শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় নিহত ইশরাত আখন্দের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে ওই ইন্সটিটিউটের কবরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফনে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশরাফ হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, নিহত ইশরাত আখন্দের বড় ভাই আলী হায়াত আখন্দ, তার অপর ভাই কৃষি গবেষণা ইন্সটিটিউটের জীব-প্রযুক্তি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল্লাহ ইউসুফ আখন্দ প্রমুখ শরিক হন।

এ ছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. ভাগ্যরাণী বনিক, প্রাক্তন মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, পরিচালক প্রশাসন ড. শাহজাহান কবীর, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

নিহতের ভাই ড. আব্দুল্লাহ ইউসুফ আখন্দ জানান, তার কর্মস্থল কৃষি গবেষণা ইন্সটিটিউট হওয়ায় তার বোনকে গাজীপুরে কৃষি গবেষণা ইন্সটিটিউটের কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত ইশরাত আখন্দ তিন ভাই দু বোনের মধ্যে সবার ছোট। তিনি ঢাকার একটি বায়িং হাউজে মানবসম্পদ বিভাগের পরিচালক পদে চাকরি করতেন। শুক্রবার রাতে তিনি গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে খাওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে সন্ত্রাসীরা ইশরাত আখন্দকে হত্যা করে।

ওএফ