চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শব্দ বোমায় অবৈধ আওয়ামী সরকার আতঙ্কিত। তারেক রহমান যখনই এ অবৈধ সরকারের দুর্নীতি-দুঃশাসন, নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য দেন, তখনি এ অবৈধ আওয়ামী সরকারের মাথা ব্যথা শুরু হয়। এ আওয়ামী সরকার তারেক রহমানের সত্য বক্তব্যে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়ে মামলা দায়ের করে।’
শনিবার সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এ অবৈধ আওয়ামী সরকার দেশের মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। কারণ তারা জনগণের মতামতকে অগ্রাহ্য এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করে গত ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আর এখন এ অবৈধ সরকার প্রশাসনকে ব্যবহার করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়।’
তিনি বলেন, ‘এ অবৈধ সরকার একটি মামলাবাজ সরকারে পরিণত হয়েছে। কেউ অবৈধ সরকারের সমালোচনা করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলা করে তারেক রহমানকে ধমিয়ে রাখা যাবে না। তিনি দেশ ও দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামে সত্য কথা বলে যাবেন।’
‘জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। আর আগামীতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যে আন্দোলনে কর্মসূচি ঘোষণা করবেন তাতে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।’
নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদের পরিচালনায় কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহজাহান কবির শাহীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী।
সমাবেশে আরো বক্তব্য দেন নগর যুবদলের সহসভাপতি নুর আহমদ গুড্ডু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, নগর যুবদল নেতা আজমুল হুদা রিঙ্কু, এমএ মুনসুর, শহীদ উদ্দিন চৌধুরী জসিম, অরূপ বড়ুয়া, হাবিবুর রহমান মাসুম, মাইন উদ্দিন মনি, আবদুল কাদের জসিম, দিদারুল ফেরদৌস, জাহাঙ্গীর আলম, আব্দুল জলিল, সালামত আলী, এমদাদুল হক বাদশা, সৈয়দ মনজুর হোসেন, হাসান মুরাদ, তাজুল ইসলাম, নূর হোসেন নুরু, আসাদুর রহমান টিপু, দিপাঙ্কর ভট্টচার্য্য, জসিম উদ্দিন সাগর, মো. ইয়াছিন, জাফর আহম্মদ খোকন, লুৎফুর রহমান, মাহবুবুর রহমান, মো. সায়েম, মো. হাসান, মো. নিজাম, লিটু, ফারুক হোসেন স্বপন, আছাদুজ্জামান রুবেল, মহিউদ্দিন মুকুল, কোরবান আলী, মো. সাইফুল, রিয়াদ, দেলেয়ার, ইব্রাহিম।
সমাবেশের পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগর যুবদলের একটি বিক্ষোভ মিছিল কাজির দেউড়ী থেকে শুরু হয়ে, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষে হয়।
জেআই





