মহানবী (সা:) এবং পবিত্র হজ ও তাবলীগ জামাতকে নিয়ে কটূক্তিকারী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে শুক্রবার মিছিলে-মিছিলে উত্তাল ছিলো সিলেট নগরী।

বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্টে বিভিন্ন ইসলামী দল মিছিল-সমাবেশ করেছে। সমাবেশে তারা লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন।

এ ছাড়াও নগরীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের করে জমিয়তে উলামায়ে ইসলাম, মাদানী কাফেলা, মুসলিম ঐক্য পরিষদ, স্বেচ্ছাসেবক জমিয়ত, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন ইসলামী দল।

এদিকে, মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে নগরীতে জুতা মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট মসজিদ থেকে শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্ট ঘুরে সিটি পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।

মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্দলু হান্নান, সহ-সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন ও হাফিজ তাজুল ইসলাম হাসান মিছিলে নেতৃত্ব দেন।

সিলেট মহানগর জমিয়তের উদ্যোগে মিছিল শেষে সিটি পয়েন্টে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন জমিয়ত নেতা মনসুরুল হাসান রায়পুরী, মাওলানা আতাউর রহমান, অধ্য মাহমুদুল হাসান ও আব্দুল মালিক চৌধুরী প্রমুখ।

কেএইচ