মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের ধাক্কায় এক সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন যাত্রী উপজেলার মেদেনিমন্ডল এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ওই সিএনজি অটোরিকশটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত চার যাত্রীকে শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর প্রায় ৫০ মিনিট ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা-মাওয়া হাইওয়ে সার্জেন্ট মো. ইয়ুনুস জানিয়েছেন, ‘আনন্দ পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হন। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলেও তিনি জানান।

এমআর