ফিলিস্তিনের গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। একই সঙ্গে ঢাকায় জাতিসংঘ অফিস ও মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন।

প্যালেস্টাইনের গাজা ভূখন্ডে ইসরাইলী বিমান হামলায় শত শত নিরাপরাধ মুক্তিকামী প্যালেস্টাইনী হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। পবিত্র রমজান মাসে রোজাদার মুসলমানদের উপর নির্বিচারে বিমান হামলা ক্ষমার অযোগ্য অপরাধ।

শান্তিনগস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার এক আলোচনা সভায় তারা এ ঘোষণা দেন। সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন প্রমুখ।

বক্তারা আসন্ন ঈদে মুক্তিযোদ্ধাদের জন্য উৎসব ভাতা দেয়ার দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা ৫ হাজার টাকা ঘোষণা দিলেও এখনো তা কার্যকর হয়নি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাওয়ায় মুক্তিযোদ্ধার জীবন ধারন অনেক কষ্টকর হয়ে পড়েছে। তাই মুক্তিযোদ্ধা ভাতা নুন্যতম ১০ হাজার টাকা করে এর সঙ্গে সঙ্গতি রেখে চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদান করে অবিলম্বে তা কার্যকর করতে হবে।

নেতারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, মুক্তিযোদ্ধা সংসদ ও এ সংক্রান্ত অন্যান্য প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারি এবং মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতিসহ এ যাবৎকালের সকল অনিয়মের তদন্ত ও বিচার দাবি করেন। তারা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার উদ্যোগ গ্রহণের জন্য মুক্তিযোদ্ধাবান্ধব বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

ঢাকা, একে, ২১ জুলাই, টাইমন্জিউবিডি.কম, এআর