ছাত্রীদের ইভটিজিং করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কর্মী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী নাজমুলকে গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার ছবি তোলায় ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বাংলা ট্রিবিউনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোহান।
বিশ্ববিদ্যালয়ের বৈশাখী অনুষ্ঠান থেকে ফেরার পথে মঙ্গলবার বিকালে রাজধানীর চানখারপুল এলাকায় জবির উত্তরণ ও অনির্বাণ বাসে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বৈশাখী অনুষ্ঠান শেষে জবি ছাত্রলীগের কয়েকজন কর্মী বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাসে ওঠে। এদের মধ্যে নাজমুল ও তার সঙ্গে থাকা কয়েকজন বাসের ছাত্রীদের উত্যক্ত করতে থাকলে সাধারণ শিক্ষার্থীরা তাদের বাস থেকে নামিয়ে দেয়। এসময় সাধারণ শিক্ষার্থীদের মারধরের হুমকি দিলে নাজমুলসহ অন্য ছাত্রলীগ কর্মীরা গণধোলাইয়ের শিকার হন।
তাৎক্ষণিকভাবে উত্তরণ বাসের পেছনে থাকা বিশ্ববিদ্যালয়ের অনির্বাণ বাস থেকে সাংবাদিক রোহান এ ঘটনার ছবি তোলেন। ছবি তোলা দেখে নাজমুল, আলাউদ্দিন, চঞ্চলসহ ছাত্রলীগ কর্মীরা অনির্বাণ বাসে উঠে রোহানের ক্যামেরা কেড়ে নিয়ে তা ভেঙে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে রোহানকে কয়েকটি ছবি মুছে ফেলতে বাধ্য করে তারা। রোহান জানান, তাকে পরে 'দেখে নেওয়ার' হুমকি দিয়েছে আলাউদ্দিন, চঞ্চল এবং নাজমুল।
এ বিষয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন বলেন, 'নাজমুল নামের ছেলেটিকে আমি চিনি না। তবে আলাউদ্দিন এবং চঞ্চল আমার কর্মী। ছাত্রীদের ইভটিজিং করা এবং সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় আমি দুঃখপ্রকাশ করছি। এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব।'
জবির ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, 'ইভটিজিং-এর ঘটনা অবশ্যই ন্যাক্ক্যারজনক। সাংবাদিকের কাজে বাধা দেওয়াও অন্যায়। অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।'
জেএ





